সাফ ফুটসালের অভিষেক আসরে বাংলাদেশ নারী দল চ্যাম্পিয়ন হওয়ার পর চ্যাম্পিয়ন ফুটবলারদের জন্য ছাদ খোলা বাসের ব্যবস্থা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বাফুফে জানিয়েছে, আগামীকাল (২৯ জানুয়ারি) সন্ধ্যায় থাইল্যান্ড থেকে ট্রফি নিয়ে দেশে ফিরবেন সাবিনারা। বাসে তারা বিমানবন্দর থেকে সড়ক পথে যাবে এবং বাসের ছাদে দাঁড়িয়ে ফুটবলপ্রেমীদের অভ্যর্থনা গ্রহণ করবে।
বাংলাদেশ ফুটসাল দলের ম্যানেজার ও ফুটসাল কমিটির চেয়ারম্যান ইমরানুর রহমান থাইল্যান্ড থেকে জানান, নারী দল ম্যাচ শেষে ব্যাংককে অতিরিক্ত দুই দিন অবস্থান করেছে। খেলোয়াড়দের ঘোরাঘুরি এবং বোনাসের ব্যবস্থাও করা হয়েছে। পুরুষ দল দেশের ফিরেছিল তাদের খেলা শেষ হওয়ার একদিন পর।
২০২২ সালে নেপালের কাঠমান্ডুতে বাংলাদেশ নারী ফুটবল দল প্রথমবার সাফ চ্যাম্পিয়ন হওয়ার সময়ও ছাদ খোলা বাসের মাধ্যমে অভ্যর্থনা দেওয়া হয়েছিল। ২০২৪ সালে পুনরায় চ্যাম্পিয়ন হওয়ার পরও একই সম্মাননা পেয়েছিলেন সাবিনারা। এবার ফুটসাল চ্যাম্পিয়ন হওয়ার পরও এই প্রচলন বজায় রাখা হলো।
বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম বলেন, “ছাদ খোলা বাস হাতিরঝিলের এম্পিথিয়েটারে পৌঁছাবে, যেখানে রাতে তাদের সংবর্ধনা জানানো হবে। এরপর হোটেলে রাত কাটাবেন এবং পরের দিন নিজের গন্তব্যে রওনা হবেন।”
গত বছর ঋতুপর্ণারা মিয়ানমারকে হারিয়ে এশিয়া কাপে উঠার পর গভীর রাতে হাতিরঝিলে সংবর্ধনা দেওয়া হয়েছিল। তবে সেদেশনের মতো আলোঝলমলে অনুষ্ঠানের পরও ফুটবলাররা আর্থিক প্রণোদনা পাননি। ২০২৪ সালের চ্যাম্পিয়ন হওয়ার জন্য বাফুফে ঘোষিত দেড় কোটি টাকা এখনও প্রদান করা হয়নি।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!