চট্টগ্রামের রাউজান উপজেলায় নলকূপের গর্তে পড়ে যাওয়া পাঁচ বছর বয়সী শিশু মিসবাহকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসকেরা।
আজ বুধবার (২৮ জানুয়ারি) রাত ৮টা ২৫ মিনিটের দিকে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মিসবাহ রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের জয়নগর এলাকার সাইফুল ইসলামের ছেলে। বুধবার বিকেলে খেলতে গিয়ে সে একটি গভীর নলকূপের গর্তে পড়ে যায় বলে স্থানীয়রা জানান। রাউজান ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ সামশুল আলম বলেন, আনুমানিক ৩০ ফুট গভীর গর্তে শিশুটি পড়ে গিয়েছিল। বিকেল ৫টা ২০ মিনিটের দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। বিশেষ যানের সাহায্যে মাটি কেটে রাত ৮টা ২৫ মিনিটের দিকে শিশুটিকে উদ্ধার করা হয়।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চরম উদ্বেগ ও উত্তেজনার সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, স্থানীয়রা টর্চলাইটের আলো ফেলে গর্তের ভেতরে শিশুটির অবস্থান শনাক্ত করার চেষ্টা করছেন। কেউ কেউ গর্তের মধ্যে লম্বা গাছ ঢুকিয়ে শিশুটিকে ধরে রাখার চেষ্টা করতে বলেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা নিয়ন্ত্রিতভাবে উদ্ধার অভিযান পরিচালনা করেন।
এর আগে গত বছরের ১০ ডিসেম্বর রাজশাহীর তানোর উপজেলায় গভীর নলকূপের গর্তে পড়ে গিয়ে দুই বছর বয়সী শিশু সাজিদের মৃত্যু হয়। ওই ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোচনা ও উদ্বেগ সৃষ্টি হয়েছিল।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!