যুক্তরাষ্ট্র   সোমবার ২ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার ১৯ মাঘ ১৪৩২

গুঁড়া দুধ আমদানি কমিয়ে দেশীয় তরল দুধ উৎপাদন বাড়ানোর তাগিদ

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৬, ০৪:০৪ PM

গুঁড়া দুধ আমদানি কমিয়ে দেশীয় তরল দুধ উৎপাদন বাড়ানোর তাগিদ

বাংলাদেশে প্রতিবছর প্রায় পাঁচ হাজার কোটি টাকা ব্যয় করে গুঁড়া দুধ আমদানি করা হচ্ছে। এই অর্থ দেশীয় দুধ উৎপাদনে বিনিয়োগ করা গেলে আমদানিনির্ভরতা অনেকাংশে কমানো সম্ভব বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

তিনি বলেন, গুঁড়া দুধ ব্যবহারের কারণে তরল দুধে ভেজালের ঝুঁকিও বাড়ছে। তাই আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় তরল দুধের উৎপাদন বাড়াতে সবাইকে উদ্যোগী হতে হবে।

আজ বুধবার (২৮ জানুয়ারি) চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকায় এ কে অ্যাগ্রো অ্যান্ড ডেইরি হাবসংলগ্ন মাঠে আয়োজিত ‘চট্টগ্রাম অঞ্চলে ডেইরি খাতের উন্নয়ন: সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, চট্টগ্রাম হলো রেড চিটাগাং ক্যাটলের দেশ। দুধ উৎপাদন তুলনামূলকভাবে কম হলেও এই জাতের গরুর মাংসের গুণগত মান ও জাতগত বৈশিষ্ট্য অত্যন্ত উৎকৃষ্ট। তাই এই জাত সংরক্ষণ করা জরুরি।

বিদ্যুৎ বিল ও ভর্তুকি বিষয়ে ফরিদা আখতার বলেন, দীর্ঘ আলোচনা ও উদ্যোগের ফলে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ২০ শতাংশ বিদ্যুৎ বিল রেয়াত এবং ১০০ কোটি টাকা ভর্তুকি দেওয়া সম্ভব হয়েছে। এটি প্রাথমিক সহায়তা হলেও ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী এই সুবিধা বাড়ানোর চেষ্টা করা হবে।

খামারি নিবন্ধনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, নিবন্ধন ছাড়া খাতটির প্রকৃত চিত্র জানা সম্ভব নয়। অনলাইনে নিবন্ধন কার্যক্রম চালু হলে সব তথ্য এক জায়গায় পাওয়া যাবে এবং নীতিনির্ধারণ আরও সহজ হবে।

প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের অগ্রগতি তুলে ধরে উপদেষ্টা বলেন, এ প্রকল্পের মাধ্যমে খামারিরা প্রশিক্ষণ পাচ্ছেন, উৎপাদনমুখী দল গড়ে উঠছে এবং অনেকের জীবনে ডেইরি কার্যক্রম স্থায়ী জীবিকার অংশ হয়ে উঠেছে।

নারী, শিশু ও বয়স্কদের পুষ্টির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, দুধ শুধু উৎপাদনের বিষয় নয়, মানুষ কতটা দুধ গ্রহণ করছে সেটিও বিবেচ্য। বিশেষ করে শিশু ও বয়স্কদের জন্য দুধ হাড়ের রোগ ও অস্টিওপোরোসিস প্রতিরোধে সহায়ক। স্কুলে দুধ সরবরাহ কর্মসূচি শিশুদের পুষ্টি ও মেধা বিকাশে ইতিবাচক ভূমিকা রাখছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ তরুণদের দেশ। ডেইরি শিল্পে তরুণদের এগিয়ে আসতে হবে। সরকার এ খাতে সব ধরনের সহায়তা দেবে।

সেমিনারে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ানের সভাপতিত্বে বক্তব্য দেন বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক শাহীনা ফেরদৌসীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।


আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!