যুক্তরাষ্ট্র   সোমবার ২ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার ১৯ মাঘ ১৪৩২

সামরিক সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৬, ০৭:৩৪ AM

সামরিক সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে একমত হয়েছে দুই দেশ। এ লক্ষ্যে বাংলাদেশ–যুক্তরাষ্ট্র ৯ম ল্যান্ড ফোর্সেস টকস–২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে।

আজ বুধবার (২৮ জানুয়ারি) আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মঙ্গলবার (২৭ জানুয়ারি) ঢাকা সেনানিবাসে সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের কনফারেন্স কক্ষে দুই দিনব্যাপী এই বৈঠকের সমাপনী অনুষ্ঠিত হয়। এর আগে ২৬ জানুয়ারি বৈঠক শুরু হয়।

আইএসপিআর জানায়, এই বৈঠক গত বছরের ৮–১০ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ৯ম ল্যান্ড ফোর্সেস টকসের পরবর্তী কার্যক্রমের অংশ হিসেবে আয়োজন করা হয়। বৈঠকে উভয় দেশের সেনাবাহিনীর প্রতিনিধিরা অংশ নেন এবং পারস্পরিক সহযোগিতা জোরদারে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।

আলোচনায় বাংলাদেশের পক্ষে ২২ সদস্যের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক প্রশিক্ষণ পরিদপ্তরের লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ বদরুল হক। যুক্তরাষ্ট্রের পক্ষে অংশ নেওয়া চার সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ডের নিরাপত্তা সহযোগিতা বিভাগের মেজর মাইকেল জেকব ওসটার। উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামরিক প্রশিক্ষণ পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. হুমায়ূন কবীর।

আইএসপিআর জানায়, বৈঠকে দুই দেশের সামরিক সহযোগিতা, দক্ষতা বৃদ্ধি এবং কৌশলগত অংশীদারত্বের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে প্রশিক্ষণ বিনিময়, আধুনিক প্রযুক্তি ও সামরিক সরঞ্জাম ব্যবহারের সক্ষমতা বৃদ্ধি এবং যৌথ প্রশিক্ষণ ও মহড়ার আয়োজনের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

এ ছাড়া আঞ্চলিক নিরাপত্তা জোরদার, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবেলায় যৌথ প্রস্তুতি এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় প্রযুক্তিগত সহযোগিতার ওপর জোর দেওয়া হয়। আলোচনায় অংশগ্রহণকারীরা ভবিষ্যতে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে কৌশলগত সহযোগিতা আরও সুদৃঢ় করার আগ্রহ পুনর্ব্যক্ত করেন।


আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!