সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান দেশের সামাজিক ও প্রশাসনিক বাস্তবতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) তেজগাঁওয়ের বিআরটিসি প্রশিক্ষণ ইনস্টিটিউটে পরিবহন চালক ও শ্রমিকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি বলেন, “আমরা উটপাখির মতো বালিতে মাথা গুঁজে আছি। মনে করি কিছুই হবে না, কিন্তু অন্ধ হলে প্রলয় বন্ধ থাকে না। আমাদের সামনে দুটি পথ—বা ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করতে হবে, না হলে প্রলয়ের জন্য অপেক্ষা করতে হবে। আশা করি আমরা আমাদের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করব।”
উপদেষ্টা আরও বলেন, “উন্নয়নের নামে দেশ কার্যত পেছনের দিকে যাচ্ছে। পরিবেশ দূষণ, বায়ু দূষণ, নগরীর বসবাসযোগ্যতা—সব সূচকেই বাংলাদেশ খারাপ অবস্থানে রয়েছে। প্রতিদিন সড়ক দুর্ঘটনায় মানুষের মৃত্যু আমার সবচেয়ে বড় গ্লানি। দায়িত্ব নেওয়ার পর থেকে আমি চেষ্টা করছি কীভাবে এটি কমানো যায়।”
তিনি বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে শুধু শাস্তি নয়, চালকদের দক্ষতা, শারীরিক সক্ষমতা এবং প্রশিক্ষণ জরুরি। নতুন বিধি ও নীতিমালার মাধ্যমে এই উদ্যোগ চালু হবে। এছাড়া, হর্ন ব্যবহার নিয়ে সতর্ক করে তিনি বলেন, “বাইরের দেশে মানুষ হর্নকে অপমান হিসেবে নেয়, আমাদেরও এ বিষয়ে সচেতন হতে হবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সড়ক ও পরিবহন মন্ত্রণালয়ের সহকারী কর্মকর্তারা, বিআরটিসি ও বিআরটিএ’র চেয়ারম্যান এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!