রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশনের (বিআরটিসি) সব বাস থেকেই কালো ধোঁয়া বের হয় বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, এ বিষয়ে তিনি চ্যালেঞ্জ দিয়ে কথা বলতে পারেন।
আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসি প্রশিক্ষণ ইনস্টিটিউটে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) আয়োজিত পেশাজীবী পরিবহনচালক ও শ্রমিকদের দক্ষতা এবং শব্দদূষণ বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
পরিবেশ উপদেষ্টা বলেন, ‘একটা কথা একটু মন খারাপ করেই বলি। বিআরটিসির যত বাস আছে, সবগুলো থেকেই কালো ধোঁয়া বের হয়। সবগুলো বাস থেকেই—আমি চ্যালেঞ্জ করে বলছি। এগুলো কি আমরা নিয়ন্ত্রণ করতে পারতাম না?’
তিনি স্ক্র্যাপ নীতিমালা চূড়ান্ত না হওয়ায় আক্ষেপ প্রকাশ করে বলেন, গত ১০ মাস ধরে তিনি এ বিষয়ে যোগাযোগ করে আসছেন। গত বছরের ২৮ অক্টোবর এই স্ক্র্যাপ নীতিমালা চূড়ান্ত হওয়ার কথা থাকলেও এখনো তা হয়নি। তিনি বলেন, ‘আমরা যদি কয়েকটা দূষণকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর না হই, তাহলে আর কেউ কঠোর হবে না।’
সৈয়দা রিজওয়ানা হাসান আরও বলেন, প্রতিটি বাস থেকে কালো ধোঁয়া বের হওয়া রোধে নিয়মিত রক্ষণাবেক্ষণ অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে বিআরটিসির বড় দায়িত্ব রয়েছে। তিনি বলেন, ‘পুরোনো বাস আজই তুলে নিতে বলছি না। কিন্তু সময় তো দিচ্ছি। অন্তত ঠিকমতো মেইনটেন্যান্স করুন। বাস বদলাতে সময় লাগে—এটা বুঝি। কিন্তু ৫৪ বছর হয়ে গেছে, আর কত সময় লাগবে?’
অনুষ্ঠানে তিনি শব্দদূষণ নিয়েও কথা বলেন। পরিবেশ উপদেষ্টা বলেন, দায়িত্বশীলভাবে গাড়ি চালানো শিখলে অকারণে হর্ন বাজানো কমবে, এতে গাড়ির গতিও নিয়ন্ত্রণে থাকবে এবং দুর্ঘটনাও কমবে। তিনি বলেন, ‘রাস্তার ওপর হর্ন বাজানো কোনো ক্ষমতা দেখানোর জায়গা না। এতে সাধারণ মানুষ কষ্ট পায়।’
অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন, পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!