বাংলাদেশ   সোমবার ২ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার ১৯ মাঘ ১৪৩২

চট্টগ্রামে র‍্যাব কর্মকর্তাকে হত্যা : তিন দিনে তিন আসামি গ্রেপ্তার

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৬, ০৫:২৫ AM

চট্টগ্রামে র‍্যাব কর্মকর্তাকে হত্যা : তিন দিনে তিন আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে র‍্যাবের এক কর্মকর্তাকে হত্যার ঘটনায় টানা তিন দিন অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৪ জানুয়ারি) থেকে সোমবার (২৬ জানুয়ারি) কক্সবাজার ও চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রাম র‍্যাবের সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন জানান, গ্রেপ্তার তিনজনের মধ্যে দুজন এজাহারভুক্ত এবং একজন তদন্তে প্রকাশিত আসামি। ২৪ জানুয়ারি কক্সবাজার সদর থানা এলাকা থেকে এজাহারে উল্লেখিত আসামি আলীরাজ হাসান ওরফে সাগর (২৮) গ্রেপ্তার হন। পরদিন ২৫ জানুয়ারি নগরের খুলশী থানার ইস্পাহানি মোড় এলাকা থেকে আরেক এজাহারভুক্ত আসামি মো. মিজানকে (৫৩) আটক করা হয়। পরে ২৬ জানুয়ারি নগরের বায়েজিদ বোস্তামী থানার বগুড়া নিবাস এলাকা থেকে মামলার তদন্তে প্রকাশিত আসামি মো. মামুনকে (৩৮) গ্রেপ্তার করা হয়।

এর আগে, গত ১৯ জানুয়ারি জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসীদের হামলায় চট্টগ্রাম র‍্যাবের উপসহকারী পরিচালক মো. মোতালেব হোসেন ভূঁইয়া নিহত হন। একই ঘটনায় র‍্যাবের আরও তিন সদস্য এবং মনা নামে একজন সোর্স গুরুতর আহত হন। নিহত মোতালেব হোসেন বিজিবির নায়েব সুবেদার ছিলেন এবং প্রেষণে র‍্যাবে কর্মরত ছিলেন।

হত্যাকাণ্ডের ঘটনায় গত ২২ জানুয়ারি র‍্যাবের এক উপসহকারী পরিচালক বাদী হয়ে সীতাকুণ্ড থানায় ২৯ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন। এতে অজ্ঞাতপরিচয় আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়। মামলার পর থেকে এ নিয়ে এখন পর্যন্ত মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ, র‍্যাব ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন বিকেলে ইয়াসিনের নেতৃত্বে জঙ্গল সলিমপুর এলাকায় একটি বিএনপি কার্যালয় উদ্বোধনের কথা ছিল। এ উপলক্ষে সেখানে বিপুলসংখ্যক লোকজন জড়ো হয়। একই সময়ে রুকন গ্রুপের অনুসারী ও র‍্যাবের সোর্স মনা র‍্যাবকে জানান, ওই অনুষ্ঠানে ইয়াসিন উপস্থিত থাকবেন। এ তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম র‍্যাবের পতেঙ্গা কোম্পানির একটি দল সেখানে অভিযান পরিচালনার জন্য যায়।

বিকেল পৌনে চারটার দিকে অভিযানে যাওয়া র‍্যাব সদস্যদের ওপর ইয়াসিন গ্রুপের অনুসারীরা হামলা চালায়। একপর্যায়ে র‍্যাবের চার সদস্য ও সোর্স মনাকে আটকে রাখা হয়। পরে তাঁদের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে ব্যাপক মারধর করা হয়।

খবর পেয়ে সীতাকুণ্ড থানা পুলিশ উদ্ধার অভিযান শুরু করে এবং স্থানীয় একটি পক্ষের সহায়তায় গুরুতর আহত পাঁচজনকে উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক উপসহকারী পরিচালক মো. মোতালেব হোসেনকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্র জানায়, সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকা দীর্ঘদিন ধরেই পাহাড় দখল, অবৈধ বসতি ও প্লট বাণিজ্যকে কেন্দ্র করে সশস্ত্র সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। হাজার কোটি টাকার সরকারি খাস জমির নিয়ন্ত্রণ ঘিরে এলাকায় বছরের পর বছর ধরে সংঘর্ষ ও হত্যাকাণ্ড ঘটে আসছে। আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতনের পর থেকে এসব সহিংসতার কেন্দ্রবিন্দুতে রয়েছে ইয়াসিন ও রুকন নামের দুই প্রভাবশালী গ্রুপের আধিপত্য বিস্তারের দ্বন্দ্ব।

ইয়াসিন বর্তমানে বিএনপির পরিচয়ে এলাকায় সক্রিয় বলে জানা গেছে। অন্যদিকে রুকন উদ্দিন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (বহিষ্কৃত)। সর্বশেষ বিএনপির একটি কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে তাদের গ্রুপিং ও আধিপত্যের দ্বন্দ্ব আরও সহিংস আকার ধারণ করে।


আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!