যুক্তরাষ্ট্র এবং ইরানের সরকারি প্রতিনিধিরা আগামী রোববার (২৯ মার্চ) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধসহ বিভিন্ন ইস্যুতে ‘বিস্তারিত সংলাপে’ বসবেন।
জাতিসংঘের পরমাণু প্রকল্প পর্যবেক্ষণ সংস্থা (আইএইএ)-এর মহাপরিচালক রাফায়েল গ্রসি ইতালীয় দৈনিক করিয়েরে দেল্লা সেরা-কে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, সংলাপে ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি, দেশটিতে ক্ষমতাসীন ইসলামি প্রজাতন্ত্রের সঙ্গে সম্পর্কিত বিষয়, মধ্যপ্রাচ্যে সক্রিয় বিভিন্ন সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী এবং ইরানের নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে আলোচনা হবে।
আইএইএ-এর মহাপরিচালক রাফায়েল গ্রসি বলেন, “এই সংলাপ একটি কূটনৈতিক প্রচেষ্টা। এখানে ইরানকে বলা হতে পারে যে রাজনৈতিক, সামরিক এবং আস্থাগত পরিস্থিতি অনুকূলে না থাকায় দেশটিকে পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি থেকে বিরত থাকতে হবে। পরবর্তী পাঁচ থেকে দশ বছরে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার সুযোগ থাকতে পারে।”
উল্লেখ্য, ইরানের পরমাণু প্রকল্প ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে মতপার্থক্য ও উত্তেজনার কারণে ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরু হয়েছে। এই যুদ্ধের কারণে আন্তর্জাতিক জ্বালানি বাজারে তেল ও গ্যাস সরবরাহে অনিয়ম দেখা দিয়েছে।
আন্তর্জাতিক চাপের কারণে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখন যুদ্ধবিরতি চাইছে এবং পাকিস্তানকে প্রধান মধ্যস্থতাকারী হিসেবে বেছে নেওয়া হয়েছে। ইসলামাবাদের মাধ্যমে তেহরানে ট্রাম্পের ১৫-পয়েন্ট বিশিষ্ট শান্তি প্রস্তাব পাঠানো হয়েছে। আসন্ন সংলাপে এই শান্তি পরিকল্পনা বিশেষ গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: এএফপি
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!