যুক্তরাষ্ট্র   বৃহস্পতিবার ২৬ মার্চ ২০২৬, বৃহস্পতিবার ১১ চৈত্র ১৪৩২

ট্রাম্প বললেন, ইরানে শাসক পরিবর্তনই সেরা সমাধান

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৪ PM

২০
ট্রাম্প বললেন, ইরানে শাসক পরিবর্তনই সেরা সমাধান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সম্ভাব্য শাসন পরিবর্তনই সেরা সমাধান হিসেবে দেখছেন। তিনি বলেন, “মনে হচ্ছে, এটাই সবচেয়ে ভালো বিষয়; যা ঘটতে পারে।” তবে শাসন পরিবর্তন হলে দেশটি কারা নিয়ন্ত্রণ করবে, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প শুধু “লোকজন আছে” বলে মন্তব্য করেন।

এর পাশাপাশি, ইরানের ওপর চাপ বাড়াতে পেন্টাগন ওই অঞ্চলে দ্বিতীয় বিমানবাহী রণতরী জেরাল্ড আর. ফোর্ড মোতায়েন করেছে। এই রণতরী সঙ্গে থাকবে গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার, যুদ্ধবিমান ও নজরদারি বিমান।

ট্রাম্প বলেন, পারমাণবিক স্থাপনার উপর হামলা হলে, তা মিশনের ছোট অংশ হবে, কিন্তু ইরানের হাতে থাকা সব পারমাণবিক সামগ্রী ধ্বংস করা হবে। তিনি সতর্ক করেন, যদি পারমাণবিক আলোচনায় কোনো চুক্তি না হয়, মার্কিন যুক্তরাষ্ট্র হামলার জন্য প্রস্তুত।

এদিকে, মার্কিন কূটনীতিক স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার মঙ্গলবার জেনেভায় ইরানের সঙ্গে বৈঠকে বসবেন। বৈঠকে ওমানের প্রতিনিধি মধ্যস্থতাকারী হিসেবে উপস্থিত থাকবেন। একই দিন রাশিয়া ও ইউক্রেনের কর্মকর্তাদের সঙ্গেও আলোচনা হবে ইউক্রেনে যুদ্ধের অবসান নিয়ে।

ট্রাম্প আরও বলেন, “৪৭ বছর ধরে তারা শুধু কথা বলছে। আমরা অনেক জীবন হারিয়েছি; মানুষ পা, হাত, মুখও হারিয়েছে।” ওয়াশিংটন ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীকে সহায়তা বন্ধ এবং জনগণের প্রতি সরকারের দমন-পীড়নের মতো বিষয়গুলো আলোচনায় অন্তর্ভুক্ত করতে চায়।

সূত্র: রয়টার্স।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!