মধ্য-আফ্রিকার দেশ ডিআর কঙ্গোর পূর্বাঞ্চলীয় রাজ্য রুবায়ার একটি কোলটান খনিতে ধসের ঘটনায় কমপক্ষে ২২৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। খবর দিয়েছেন প্রদেশের বিদ্রোহীদের নিয়োজিত গভর্নরের মুখপাত্র লুমুম্বা কাম্বেরে মুইসা।
স্থানীয় সূত্র জানায়, খনিতে ধসের সময় সেখানে শ্রমিক, শিশু এবং বাজারে কাজ করা নারীরাও ছিলেন। উদ্ধারকাজ চলছে এবং গুরুতর আহতদের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে। ধসের কারণ হিসেবে বর্ষাকালের ভঙ্গুর মাটি দায়ী বলে জানানো হয়েছে।
রুবায়ার কোলটান খনি থেকে বিশ্বের প্রায় ১৫ শতাংশ কোলটান উৎপাদিত হয়। এটি মোবাইল ফোন, কম্পিউটার, মহাকাশযান ও গ্যাস টারবাইন সংশ্লিষ্ট যন্ত্রাংশ তৈরিতে ব্যবহার হয়।
জাতিসংঘের বরাত দিয়ে বলা হয়েছে, বিদ্রোহী গোষ্ঠী এএফসি/এম২৩ খনিজ সম্পদ লুট করে তাদের কার্যক্রমের জন্য অর্থ সংগ্রহ করছে। বিদ্রোহীরা কিনশাসার সরকার উৎখাত ও তুতসি সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্য নিয়ে পূর্ব কঙ্গোর বিভিন্ন খনিজ এলাকা দখল করছে।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!