যুক্তরাষ্ট্র   সোমবার ২ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার ১৯ মাঘ ১৪৩২

ইরানে বড় হামলা চালানোর কথা ভাবছে যুক্তরাষ্ট্র

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৬, ০৬:৩৪ AM

ইরানে বড় হামলা চালানোর কথা ভাবছে যুক্তরাষ্ট্র

ইরানে বড় ধরনের সামরিক হামলা চালানোর সম্ভাবনা নিয়ে আলোচনা করছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু কার্যক্রম ও ক্ষেপণাস্ত্র উৎপাদন ইস্যুতে আলোচনা ব্যর্থ হওয়ায় এমন বিকল্প বিবেচনা করছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সংশ্লিষ্ট মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে সিএনএন জানায়, ইরানের সঙ্গে চলমান প্রাথমিক আলোচনা আশানুরূপ না হওয়ায় ট্রাম্প প্রশাসনের ভেতরে সামরিক পদক্ষেপের সম্ভাবনা নিয়ে ভাবনা চলছে।

এর আগে বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প ইরানকে দ্রুত চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানান। ওই পোস্টে তিনি বলেন, ইরান কোনো ধরনের পারমাণবিক কার্যক্রম চালাতে পারবে না। তিনি আরও দাবি করেন, ইরানের দিকে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের একটি বড় নৌবহর অগ্রসর হচ্ছে এবং সময় দ্রুত ফুরিয়ে আসছে। চুক্তি না হলে গত বছরের জুনে ইরানের পারমাণবিক অবকাঠামোর বিরুদ্ধে যে হামলা চালানো হয়েছিল, তার চেয়েও বড় হামলা হতে পারে বলে সতর্ক করেন তিনি।

সিএনএন জানায়, গত মাসে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর থেকেই ট্রাম্প প্রশাসন বিক্ষোভকারীদের প্রতি সমর্থনের কথা উল্লেখ করে ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়ে আসছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার এই উত্তেজনা মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকেরা।

সূত্র: সিএনএন

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!