যুক্তরাষ্ট্র   সোমবার ২ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার ১৯ মাঘ ১৪৩২

কলম্বিয়ায় বিমান দুর্ঘটনায় এমপিসহ নিহত ১৫

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৬, ০৫:৫৯ AM

কলম্বিয়ায় বিমান দুর্ঘটনায় এমপিসহ নিহত ১৫

কলম্বিয়ায় একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে দেশটির একজন সংসদ সদস্যসহ ১৫ জন নিহত হয়েছেন। বুধবার স্থানীয় সময় দুপুরের দিকে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার শিকার বিমানটি ছিল কলম্বিয়ার রাষ্ট্রায়ত্ত বিমান পরিষেবা সংস্থা সাতেনার একটি বিচক্র্যাফট ১৯০০ মডেলের টুইন প্রোপেলার উড়োজাহাজ। বিমানটি ভেনেজুয়েলা-সংলগ্ন সীমান্ত শহর কুকুটা থেকে ওকানা শহরের উদ্দেশে যাত্রা করেছিল।

বিমানটিতে দুই ক্রুসহ মোট ১৩ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে কলম্বিয়ার সংসদ সদস্য দিওজেনেস কুইনতেরোও ছিলেন। ওকানায় আকাশসীমায় প্রবেশের পর হঠাৎ করেই উড়োজাহাজটির সঙ্গে নিয়ন্ত্রণ টাওয়ারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কিছুক্ষণ পর পাহাড়ি এলাকায় বিমানটি আছড়ে পড়ে এবং বিস্ফোরণ ঘটে।

ওকানার সংসদ সদস্য উইলমের ক্যারিল্লো বার্তা সংস্থা এএফপিকে জানান, দুর্ঘটনায় এমপি দিওজেনেস কুইনতেরোর মৃত্যু হয়েছে। বিমানটিতে থাকা আর কেউ বেঁচে নেই বলে আশঙ্কা করা হচ্ছে।

বিমানটি যে এলাকায় বিধ্বস্ত হয়েছে, সেটি কুকুটা প্রদেশের একটি দুর্গম পাহাড়ি অঞ্চল। ওই এলাকায় আবহাওয়া দ্রুত পরিবর্তিত হয় এবং নিরাপত্তা পরিস্থিতিও ঝুঁকিপূর্ণ। কলম্বিয়া–ভেনেজুয়েলা সীমান্তবর্তী এই অঞ্চলে ন্যাশনাল লিবারেশন আর্মি (ইএলএন) নামে একটি সশস্ত্র গোষ্ঠীর প্রভাব রয়েছে। তবে এই দুর্ঘটনায় তাদের সম্পৃক্ততার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

কলম্বিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ ও নিহতদের মরদেহ উদ্ধারে বিমান বাহিনীর একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

সূত্র: এএফপি

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!