ভারত এবং রাশিয়া আগামী পাঁচ বছরে দ্বিপাক্ষিক বাণিজ্যকে ১০ হাজার কোটি ডলারে উন্নীত করার লক্ষ্য নিয়েছে। এ বিষয়ে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে গত বছর একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
রাশিয়ায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিনয় কুমার ২৬ জানুয়ারি ভারতের বার্তাসংস্থা পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, “রাশিয়ার সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্য দীর্ঘদিনের, তবে গত বছরটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ ছিল। আমরা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চুক্তির প্রস্তাব দিলে তিনি সম্মতি দিয়েছেন। এরপর দুই দেশের কর্মকর্তারা আগামী ২০৩০ সালের মধ্যে ১০ হাজার কোটি ডলারে বাণিজ্য বৃদ্ধি সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করেছেন।”
রাষ্টদূত জানান, চুক্তি অনুযায়ী ইতোমধ্যে পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে এবং নতুন নতুন উপাদান যুক্ত হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, নির্ধারিত লক্ষ্যে পৌঁছাতে মুক্ত বাণিজ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রসঙ্গত, ২০২৪–২৫ অর্থবছরে ভারত ও রাশিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দাঁড়ায় ৬ হাজার ৮৭০ কোটি ডলার, যা একটি রেকর্ড। বাণিজ্যের বড় অংশ রাশিয়ার অপরিশোধিত তেল। বিনয় কুমার বলেন, গত দুই বছর ধরে ভারত ও রাশিয়া বাণিজ্যে মুদ্রা হিসেবে রুপি ও রুবল ব্যবহার করছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।
গত মাসে ভারত সফরে এসে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, দুই দেশের দ্বিপাক্ষিক মিত্রতা ও বাণিজ্য সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করার জন্য কাজ শুরু হয়েছে।
সূত্র: ইকোনমিক টাইমস
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!