যুক্তরাষ্ট্র   সোমবার ২ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার ১৯ মাঘ ১৪৩২

সিরিয়া থেকে আনা আইএস বন্দিদের আশ্রয় দিচ্ছে ইরাক, নিজ নিজ নাগরিক ফিরিয়ে নিতে দেশগুলোর প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান

মো: নাঈমুর রহমান

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৬, ১১:৫৯ AM

১৯
সিরিয়া থেকে আনা আইএস বন্দিদের আশ্রয় দিচ্ছে ইরাক, নিজ নিজ নাগরিক ফিরিয়ে নিতে দেশগুলোর প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান

সংগৃহীত

সিরিয়া থেকে স্থানান্তর করা ইসলামিক স্টেট (আইএস) সংশ্লিষ্ট বন্দিদের সাময়িকভাবে নিজেদের হেফাজতে নিচ্ছে ইরাক। দেশটির আইনগত সূত্র জানিয়েছে, সম্প্রতি পাঠানো বন্দিদের মধ্যে ইরাকিরাই সংখ্যাগরিষ্ঠ, তবে বিভিন্ন আরব দেশের নাগরিকদের পাশাপাশি ইউরোপের কয়েকটি দেশের নাগরিকও রয়েছেন।

সূত্রগুলোর তথ্য অনুযায়ী, এসব বন্দিদের মধ্যে যুক্তরাজ্য, বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি ও সুইডেনের নাগরিক রয়েছে। তাদের বিষয়ে ভবিষ্যৎ আইনি প্রক্রিয়া নিয়ে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে বলে জানা গেছে।

এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই উদ্যোগের জন্য ইরাকের প্রশংসা করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, অ-ইরাকি সন্ত্রাসীরা সাময়িকভাবে ইরাকে অবস্থান করবে, এবং সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি আহ্বান জানান— তারা যেন নিজেদের নাগরিকদের ফিরিয়ে নিয়ে গিয়ে আইনের আওতায় বিচার নিশ্চিত করে।

উল্লেখ্য, ইসলামিক স্টেট গোষ্ঠীর উত্থান ঘটে ইরাক ও সিরিয়ায়। ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত সংগঠনটি দুই দেশের বিস্তীর্ণ এলাকা দখল করে নিজেদের তথাকথিত ‘খেলাফত’ প্রতিষ্ঠা করেছিল। পরে আঞ্চলিক বাহিনী ও যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের সামরিক অভিযানে তাদের সেই নিয়ন্ত্রণ ভেঙে পড়ে। এরপর থেকে বহু বিদেশি যোদ্ধা ও সন্দেহভাজন সদস্য বিভিন্ন আটক শিবিরে বন্দি অবস্থায় রয়েছে।

বিশ্লেষকরা বলছেন, এসব বিদেশি নাগরিকদের নিজ নিজ দেশে ফেরত নিয়ে বিচার প্রক্রিয়া সম্পন্ন করা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ একটি ইস্যু হয়ে দাঁড়িয়েছে।

আইএস বন্দি ইরাক আইএস আটক সিরিয়া আইএস যোদ্ধা মার্কো রুবিও বিবৃতি বিদেশি জঙ্গি প্রত্যাবাসন

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!