দেশে হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। শনিবার থেকে ১৮টি জেলার ৩০টি উপজেলায় একযোগে এই কার্যক্রমে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে মিজলস (হাম) প্রতিষেধক টিকা প্রদান করা হচ্ছে।
আজ রোববার (৫ এপ্রিল) বেলা সোয়া ১১টায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
মন্ত্রী বলেন, “ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর তথ্য অনুযায়ী, হামে আক্রান্ত রোগীর ৮২ শতাংশই পাঁচ বছরের কম বয়সী শিশু। তাই আমরা ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে টিকার আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছি। তবে বর্তমানে অসুস্থ শিশুদের টিকা দেওয়া হবে না; তাদের কেবল ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেওয়া হবে।”
মন্ত্রী আরও জানান, প্রথম ধাপে ১৮টি জেলার ৩০টি উপজেলায় কার্যক্রম শুরু হয়েছে, যেখানে হামের প্রাদুর্ভাব বেশি। পরে পর্যায়ক্রমে সারা দেশে এই বিশেষ টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
প্রথম ধাপের আওতাভুক্ত উপজেলার তালিকায় রয়েছে- রাজশাহীর গোদাগাড়ী; ঢাকার নবাবগঞ্জ; মুন্সিগঞ্জের লৌহজং, সদর ও শ্রীনগর; ঝালকাঠির নলছিটি; ময়মনসিংহের ত্রিশাল, সদর ও ফুলপুর; চাঁদপুরের হাইমচর ও সদর; বরিশালের মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ; পাবনার ঈশ্বরদী, সদর, আটঘরিয়া ও বেড়া; নওগাঁর পোরশা; গাজীপুর সদর; নেত্রকোনার আটপাড়া; শরীয়তপুরের জাজিরা; বরগুনা সদর; মাদারীপুর সদর; কক্সবাজারের মহেশখালী ও রামু; চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, ভোলাগঞ্জ ও সদর; নাটোর সদর এবং যশোর সদর।
এই উদ্যোগে টিকার পাশাপাশি শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুলও প্রদান করা হবে, যা তাদের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!