যুক্তরাষ্ট্র   সোমবার ৬ এপ্রিল ২০২৬, সোমবার ২২ চৈত্র ১৪৩২

দায়িত্বে অবহেলা করলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৪ মার্চ ২০২৬, ০৭:০২ AM

১৮
দায়িত্বে অবহেলা করলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, সরকারি হাসপাতালে দায়িত্বে অবহেলা বরদাস্ত করা হবে না। 

আজ শনিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ৮টায় হাসপাতাল পরিদর্শনে গিয়ে তিনি চিকিৎসক ও কর্মকর্তা উপস্থিতি, রোগীদের সেবা, ওষুধ সরবরাহ এবং হাসপাতালের সার্বিক পরিবেশ সরেজমিনে পর্যালোচনা করেন।

পরিদর্শনকালে কিছু স্থানে অস্বাস্থ্যকর পরিবেশ দেখতে পেয়ে মন্ত্রী বিস্ময় প্রকাশ করেন এবং পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশ দেন। তিনি নিজেও কিছু ময়লা পরিষ্কার করেন এবং হাসপাতাল সবসময় পরিষ্কার রাখার গুরুত্ব তুলে ধরেন।

হাসপাতালের কয়েকজন চিকিৎসক অফিস সময়ে অনুপস্থিত থাকার বিষয়টি জানতে পেরে স্বাস্থ্যমন্ত্রী অসন্তোষ প্রকাশ করেন। তিনি জানান, যারা নিয়মিত উপস্থিত থাকবেন না বা দায়িত্বে গাফিলতি করবেন, তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী সাংবাদিকদের সঙ্গে আলাপে বলেন, দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের অনুপস্থিতি, রোগীর সেবায় অবহেলা এবং ওষুধ সংকটসহ নানা অভিযোগ যাচাই করতে তিনি আকস্মিক পরিদর্শন চালাচ্ছেন। এছাড়া কিছু দালাল রোগীদের প্রাইভেট হাসপাতালে নিয়ে যাওয়ার বিষয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, সরকারি হাসপাতালগুলোতে স্বাস্থ্যসেবা উন্নয়নের জন্য নতুন করে প্রায় ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। প্রশিক্ষণের মাধ্যমে তারা মাতৃস্বাস্থ্য, ক্যান্সার সচেতনতা এবং প্রাথমিক চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবেন।

তিনি বলেন, ভবিষ্যতেও এই ধরনের আকস্মিক পরিদর্শন অব্যাহত থাকবে এবং হাসপাতালের সেবা মান ও দায়িত্ব পালনের বিষয়ে কঠোর নজর রাখা হবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!