বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, বিশ্বজুড়ে ৯ কোটি ৪০ লাখের বেশি মানুষ ছানি সমস্যায় ভুগছেন। সংস্থাটি দেশগুলোকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছে, যাতে সস্তা ও সহজলভ্য অস্ত্রোপচারের মাধ্যমে দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়া যায়।
‘দ্য ল্যানসেট গ্লোবাল হেলথ’-এ প্রকাশিত সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, ছানি অপারেশনের হার গত ২০ বছরে ১৫ শতাংশ বেড়েছে। তবে বয়স্ক মানুষের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় চাহিদা আরও বেড়েছে। বর্তমান গতিতে চললে ২০৩০ সালের মধ্যে নির্ধারিত লক্ষ্য অর্জন সম্ভব নয়।
প্রতিবেদনে বলা হয়েছে, সবচেয়ে খারাপ অবস্থা আফ্রিকান অঞ্চলে, যেখানে চারজনের মধ্যে তিনজনই চিকিৎসা পাচ্ছেন না। নারীরা পুরুষদের তুলনায় অনেক বেশি পিছিয়ে রয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব, উচ্চ খরচ এবং অসচেতনতা প্রধান প্রতিবন্ধক হিসেবে চিহ্নিত করা হয়েছে।
চোখের লেন্সে ছানি দূর করতে মাত্র ১৫ মিনিটের অস্ত্রোপচারই যথেষ্ট। ডায়াবেটিস, তামাক ব্যবহার এবং অতিরিক্ত ইউভি রশ্মির কারণে ছানি পড়ার ঝুঁকি বাড়ে।
ডব্লিউএইচও-এর পরামর্শ, প্রাথমিক স্বাস্থ্যসেবার সঙ্গে চোখের পরীক্ষা অন্তর্ভুক্ত করা এবং গ্রামীণ এলাকায় দক্ষ জনবল বৃদ্ধি করে অন্ধত্ব দূর করা সম্ভব। সংস্থাটি দেশগুলোকে বিশেষভাবে নারী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য অগ্রাধিকার দিতে আহ্বান জানিয়েছে।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!