আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মুক্তির অপেক্ষায় থাকা ‘রকস্টার’ সিনেমাকে ঘিরে দর্শকদের আগ্রহ বাড়ছে। টিজার ও মোশন পোস্টার প্রকাশের পর থেকেই সিনেমাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা। এরই মধ্যে প্রকাশিত ‘পিরিতি’ গানটিও দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
সম্প্রতি এক অনুষ্ঠানে অংশ নিয়ে অভিনেতা শাকিব খান জানান, ‘রকস্টার’-এর শুটিং চলাকালেই তিনি গানটির ভিউয়ের খবর পাচ্ছিলেন। অনুষ্ঠানে শাকিব খান বলেন, “মানুষ আমাকে ভালোবাসা দিয়েছে। আমি ‘রকস্টার’-এর শুটিং করছিলাম। একটু পরপর শুনছি, ভাই এত মিলিয়নস! আবার সন্ধ্যায় বাসায় ফেরার সময় শুনলাম, ভাই ফিফটিন মিলিয়নস! এ তো আমার সিনেমার গানকেও পেছনে ফেলে দিলো ভাই!”
সম্প্রতি প্রকাশ পাওয়া ‘পিরিতি’ গানে বিধ্বস্ত ও কারাবন্দী লুকে দেখা গেছে শাকিব খানকে। সেই লুক দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে। অন্যদিকে গত শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কয়েকটি ছবিতে একেবারে ভিন্ন স্টাইলিশ রূপে হাজির হন তিনি। একটি গালা নাইটে অংশ নেওয়া ওই ছবিগুলোতে কালো ব্লেজার ও সানগ্লাসে দেখা যায় অভিনেতাকে।
পরিচালক আজমান রুশো নির্মিত ‘রকস্টার’ সিনেমায় একজন পেশাদার সংগীতশিল্পীর চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। সিনেমাটিতে তাঁর বিপরীতে রয়েছেন সাবিলা নূর।
সান মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত সিনেমাটি ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তির পর ওটিটি প্ল্যাটফর্ম চরকি-তেও মুক্তি পাওয়ার কথা রয়েছে।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!