যুক্তরাষ্ট্র   সোমবার ২ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার ১৯ মাঘ ১৪৩২

স্ত্রীর ওপর অযথা চিৎকার করা উচিত নয়: রানি মুখার্জি

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৬, ০৫:৫৪ AM

স্ত্রীর ওপর অযথা চিৎকার করা উচিত নয়: রানি মুখার্জি

বলিউড অভিনেত্রী রানি মুখার্জি পর্দা ও বাস্তব—দু জায়গাতেই স্পষ্টভাষী হিসেবে পরিচিত। নারীর অধিকার, লিঙ্গ বৈষম্য ও পারিবারিক মূল্যবোধ নিয়ে তিনি বরাবরই সরব। সম্প্রতি এক অনুষ্ঠানে এসব বিষয় নিয়ে কথা বলতে গিয়ে রানি বলেন, সামাজিক শিক্ষার প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো পরিবার।

রানির মতে, সমাজে একজন নারী কতটা সম্মান পাবেন, তার বড় একটি অংশ নির্ভর করে পরিবারের পুরুষ সদস্যদের আচরণের ওপর। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, সম্মান শুরু হয় নিজের ঘর থেকেই। একজন ছেলে যখন তার বাবাকে মায়ের সঙ্গে খারাপ আচরণ করতে দেখে, তখন তার মনে এই ধারণা তৈরি হয়—যদি মায়ের সঙ্গে এমনটা করা যায়, তবে অন্য নারীদের সঙ্গেও তা করা যেতে পারে।’

পুরুষদের দায়িত্বের বিষয়টি তুলে ধরে রানি আরও বলেন, পরিবারের পরিবেশ কেমন হবে, তা নির্ধারণে পুরুষদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর ভাষায়, ‘বাড়িতে স্ত্রীদের সঙ্গে কেমন আচরণ করা হচ্ছে, তার দায় পুরুষদেরই নিতে হবে। কারণ ছেলেরা সেই আচরণ দেখেই বড় হয়। পরিবারে যদি মাকে যথাযথ সম্মান দেওয়া হয়, তবেই একটি ছেলে বুঝতে পারবে সমাজে নারীর মর্যাদা কতটা।’

পারিবারিক কলহ ও উচ্চবাচ্যের বিষয়ে কথা বলতে গিয়ে রানি বলেন, ‘সব শিক্ষার শুরু ঘর থেকেই। একজন পুরুষের কখনোই তার স্ত্রীর ওপর অযথা চিৎকার করা উচিত নয়। আর একজন নারীর অন্যায়ের বিরুদ্ধে নিজের কণ্ঠ তুলে ধরতে শিখতে হবে।’

অনুষ্ঠানে হালকা মেজাজে নিজের স্কুলজীবনের একটি ঘটনা তুলে ধরে রানি বলেন, ‘স্কুলে পড়াকালীন সময়ে আমি একবারই শুধু একটি ছেলেকে চড় মেরেছিলাম। বাকিরা সবাই আমার বন্ধু ছিল। এসব কথা শুনে আবার আমার স্বামী আদিত্য চোপড়াকে গিয়ে জিজ্ঞেস কোরো না, ঘরে প্রতিদিন আমার সঙ্গে কী হয়!’—বলেই হাসিতে ভরিয়ে দেন পুরো অনুষ্ঠান।


আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!