যুক্তরাষ্ট্র   সোমবার ৩০ মার্চ ২০২৬, সোমবার ১৫ চৈত্র ১৪৩২

কর্মসংস্থান সৃষ্টিতে কারিগরি শিক্ষা হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ০৪ মার্চ ২০২৬, ০৬:১৬ AM

১৩
কর্মসংস্থান সৃষ্টিতে কারিগরি শিক্ষা হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের বিপুল জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে কারিগরি ও কর্মমুখী শিক্ষাকে আধুনিক, যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে।

এ ক্ষেত্রে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ জোরদার করা, শিল্পখাত ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সংযোগ তৈরি করা এবং কারিকুলাম ও সিলেবাস আধুনিকায়নের ওপর গুরুত্ব দিতে হবে।

বুধবার (৪ মার্চ) সকালে কারিগরি শিক্ষা অধিদপ্তরের সভাকক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, কারিগরি শিক্ষার বিভিন্ন সূচক ও কেপিআই প্রাথমিকভাবে পর্যালোচনা করা হয়েছে। বিষয়গুলো আরও গভীরভাবে অধ্যয়ন করে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম নেওয়া হবে।

মন্ত্রী কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, নিজ নিজ বিভাগ, প্রকল্প ও প্রতিষ্ঠানে উন্নয়নমূলক উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে স্বনির্ধারণ এবং সৃজনশীলতার সঙ্গে কাজ করতে হবে। কারণ, শিক্ষা মন্ত্রণালয় দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, এখান থেকেই দক্ষ মানবসম্পদ তৈরি হয়। প্রায় ১৮ কোটি জনগণের জন্য দক্ষ মানবসম্পদ গড়ে তোলা দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের প্রধান চালিকাশক্তি হতে পারে।

বাংলাদেশের বিপুল জনশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করার গুরুত্বে দৃষ্টি আকর্ষণ করে মন্ত্রী বলেন, কারিগরি, ভোকেশনাল ও পলিটেকনিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ব্যবহারিক ও কর্মমুখী প্রশিক্ষণের ওপর আরও গুরুত্ব দিতে হবে। এজন্য কারিকুলাম ও প্রশিক্ষণব্যবস্থা যথাযথভাবে পর্যালোচনা করতে হবে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!