যুক্তরাষ্ট্র   রবিবার ৫ এপ্রিল ২০২৬, রবিবার ২১ চৈত্র ১৪৩২

জ্বালানি সংকটে দেশের অর্থনীতিতে চাপ তৈরি হয়েছে: অর্থমন্ত্রী

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৬, ০৫:৪২ AM

জ্বালানি সংকটে দেশের অর্থনীতিতে চাপ তৈরি হয়েছে: অর্থমন্ত্রী

জ্বালানি সংকটের কারণে দেশের অর্থনীতিতে চাপ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দেশের ব্যবসায়ী সমাজও এই সংকট মোকাবিলায় সরকারের কাছে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চেয়েছে।

শনিবার (৪ এপ্রিল) রাজধানীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বেসরকারি খাত উন্নয়নবিষয়ক উপদেষ্টা কাউন্সিলের প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে অর্থমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বৈঠকের সভাপতিত্ব করেন।

অর্থমন্ত্রী জানান, ব্যবসায়ীরা শিল্পোৎপাদন সচল রাখতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। তারা নবায়নযোগ্য জ্বালানি, সৌরবিদ্যুৎ ব্যবহারে সরকারি সহায়তা, বিদেশি বিনিয়োগকারীদের জন্য ‘ই-ভিসা’ চালুর প্রয়োজনীয়তা সম্পর্কেও আলোকপাত করেছেন।

অর্থনৈতিক সংস্কারের ক্ষেত্রে ব্যবসায়ীরা ব্যাংক ঋণের সুদহার কমানো, এনবিআর সংস্কার, করের আওতা সম্প্রসারণ, মাঝারি উদ্যোক্তাদের রপ্তানিতে উৎসাহ দেওয়া, লাইসেন্সপ্রাপ্তি সহজীকরণ এবং গভীর সমুদ্রবন্দর দ্রুত চালুর আহ্বান জানিয়েছেন।

অর্থমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী সরাসরি ব্যবসায়ীদের মুখ থেকে তাদের সমস্যার কথা শুনেছেন। উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে নোট নেওয়া হয়েছে। ইতিমধ্যেই অনেক সমস্যার সমাধান হয়েছে, বাকিগুলোও দ্রুত সমাধানের চেষ্টা করা হবে।”

বৈঠকে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং ব্যবসায়ী প্রতিনিধিরা, যার মধ্যে ডিবিএল গ্রুপের এম এ জব্বার, প্যাসিফিক জিন্স গ্রুপের সৈয়দ মোহাম্মদ তানভীর, এপেক্স গ্রুপের সৈয়দ নাসিম মনজুর, বে গ্রুপের জিয়াউর রহমান ও প্রাণ-আরএফএল গ্রুপের আহসান খান চৌধুরী প্রমুখ।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!