বিমা খাতে নৈতিকতা, স্বচ্ছতা ও সুশাসন চর্চাকে উৎসাহিত করতে এবং গ্রাহকের আস্থা জোরদার করার লক্ষ্যে ‘আইডিআরএ ইন্স্যুরেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫’ প্রদান করেছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট আদিবা আহমেদ এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সভাপতি বিএম ইউসুফ আলী।
অনুষ্ঠানের শুরুতে আইডিআরএর সদস্য (প্রশাসন) মো. ফজলুল হক স্বাগত বক্তব্য দেন। এ সময় ‘আইডিআরএ: ইতিবাচক পরিবর্তনের এক যাত্রা’ শীর্ষক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে বিমা খাতে নৈতিকতা, স্বচ্ছতা ও সুশাসনে বিশেষ অবদান রাখা প্রতিষ্ঠানগুলোর হাতে অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।
নন-লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করে প্রগতি ইন্স্যুরেন্স পিএলসি। দ্বিতীয় স্থানে রয়েছে সাধারণ বিমা কর্পোরেশন এবং তৃতীয় স্থানে রিলায়েন্স ইন্স্যুরেন্স পিএলসি। চতুর্থ স্থান পেয়েছে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসি। যৌথভাবে পঞ্চম স্থানে রয়েছে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স পিএলসি, সেনা ইন্স্যুরেন্স পিএলসি ও ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মধ্যে প্রথম হয়েছে আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি (মেটলাইফ)। দ্বিতীয় স্থানে রয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এবং তৃতীয় স্থানে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। চতুর্থ স্থান পেয়েছে জীবন বিমা কর্পোরেশন। যৌথভাবে পঞ্চম স্থানে রয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি ও গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
অনুষ্ঠানে বক্তব্যে প্রগতি ইন্স্যুরেন্স পিএলসির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. সৈয়দ সেহাব উল্লাহ আল মনজুর বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংঘটিত একটি বিমান দুর্ঘটনায় প্রায় এক হাজার ২০০ কোটি টাকার ক্ষতির বিপরীতে প্রগতি ইন্স্যুরেন্স প্রায় ৩০ কোটি টাকা ক্ষতিপূরণ পরিশোধ করেছে, যেখানে প্রাপ্ত প্রিমিয়াম ছিল মাত্র ১৬ লাখ টাকা। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি সংকটকালে দায়িত্বশীলতার দৃষ্টান্ত স্থাপন করেছে।
মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আলা উদ্দিন আহমদ বলেন, এই স্বীকৃতি প্রতিষ্ঠানটিকে আরও দায়িত্বশীলভাবে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে। সলভেন্সি মার্জিনসহ সব আইন মেনে জাতীয় অর্থনীতিতে টেকসই অবদান রাখার অঙ্গীকারও করেন তিনি।
বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সভাপতি বিএম ইউসুফ আলী অনুষ্ঠানে দ্রুত বিমা রেগুলেশন আইন–২০২৫ এর খসড়া অনুমোদনের অনুরোধ জানান। বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট আদিবা আহমেদ বলেন, এ ধরনের স্বীকৃতি বিমা খাতে পেশাদারত্ব ও সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আইডিআরএর চেয়ারম্যান ডি এম আসলাম আলম, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকসহ সংশ্লিষ্টরা।
আইডিআরএ কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, এবারের অ্যাওয়ার্ডপ্রাপ্ত ১৩টি প্রতিষ্ঠানকে দেওয়া এই স্বীকৃতি দেশের বিমা খাতে ইতিবাচক পরিবর্তন, উৎকর্ষতা ও গ্রাহক আস্থা বৃদ্ধিতে সহায়ক হবে।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!