যুক্তরাষ্ট্র   সোমবার ২ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার ১৯ মাঘ ১৪৩২

পুঁজিবাজারে সূচক ও লেনদেনে সামান্য ঊর্ধ্বগতি

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৬, ০৫:২৭ AM

পুঁজিবাজারে সূচক ও লেনদেনে সামান্য ঊর্ধ্বগতি

দেশের পুঁজিবাজারে গত সপ্তাহে সূচক ও লেনদেনে সামান্য ঊর্ধ্বগতি দেখা গেছে। আলোচ্য সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১ দশমিক ৭ শতাংশ। একই সঙ্গে দৈনিক গড় লেনদেনেও সামান্য বৃদ্ধি পেয়েছে।

ডিএসই সূত্রে জানা যায়, সপ্তাহের ব্যবধানে ডিএসইএক্স সূচক ৫৪ দশমিক ৭০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে, যা আগের সপ্তাহে ছিল ৫ হাজার ১০০ পয়েন্ট। নির্বাচিত কোম্পানিগুলোর সূচক ডিএস-৩০ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৮৭ পয়েন্টে, যা সপ্তাহের ব্যবধানে বেড়েছে ২৩ দশমিক ৬৬ পয়েন্ট। শরিয়াহ সূচক ডিএসইএস বেড়েছে ৯ দশমিক ৭ পয়েন্ট, সূচকটি এখন ১ হাজার ৩৪ পয়েন্টে অবস্থান করছে।

গত সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৯টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫২টির, কমেছে ২০৪টির এবং অপরিবর্তিত ছিল ৩৩টির দর। ২৪টির কোনো লেনদেন হয়নি।

বাজারের উত্থানে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, পূবালী ব্যাংক, স্কয়ার ফার্মাসিউটিক্যালস ও প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার।

ডিএসইতে গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে দৈনিক গড়ে ৫৭৯ কোটি ৪২ লাখ টাকা লেনদেন হয়েছে, যা আগের সপ্তাহে ছিল ৫৭৫ কোটি ৮১ লাখ টাকা। এতে সপ্তাহের ব্যবধানে দৈনিক গড় লেনদেন বেড়েছে ০ দশমিক ৬৩ শতাংশ।

খাতভিত্তিক লেনদেন বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহে সাধারণ বীমা খাতের শেয়ারের আধিপত্য ছিল। এ খাতের দখলে ছিল মোট লেনদেনের ১৭ দশমিক ৫৬ শতাংশ। এরপর ওষুধ ও রসায়ন খাতের অংশ ছিল ১৩ দশমিক ৮৮ শতাংশ এবং ব্যাংক খাতের ১০ দশমিক ৬৭ শতাংশ।

ডিএসইতে গত সপ্তাহে সাতটি খাত বাদে বাকি সব খাতে ইতিবাচক রিটার্ন দেখা গেছে। এর মধ্যে ব্যাংক খাতে রিটার্ন ছিল সর্বোচ্চ ৪ দশমিক ২১ শতাংশ। জীবন বীমা খাতে ৩ দশমিক ২৭ শতাংশ এবং করপোরেট বন্ড খাতে ১ দশমিক ৪৬ শতাংশ ইতিবাচক রিটার্ন এসেছে।

অন্যদিকে, ভ্রমণ ও অবকাশ খাতে ৩ দশমিক ৩৪ শতাংশ, বস্ত্র খাতে ২ দশমিক ৫১ শতাংশ এবং প্রকৌশল খাতে ০ দশমিক ৮৪ শতাংশ নেতিবাচক রিটার্ন দেখা গেছে।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) গত সপ্তাহে সূচকে উত্থান হয়েছে। সিএসইর প্রধান সূচক সিএএসপিআই বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪৬৯ পয়েন্টে, আর সিএসসিএক্স সূচক দাঁড়িয়েছে ৮ হাজার ৯৬৪ পয়েন্টে।

সিএসইতে সপ্তাহজুড়ে ৪৪ কোটি ২২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া ২৯০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৩টির, কমেছে ১২৯টির এবং অপরিবর্তিত ছিল ২৮টির দর।


আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!