যুক্তরাষ্ট্র   সোমবার ২ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার ১৯ মাঘ ১৪৩২

সোনার দাম ভরিতে কমল ১৪ হাজার টাকা

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৬, ০৫:৪৯ AM

সোনার দাম ভরিতে কমল ১৪ হাজার টাকা

টানা পাঁচ দফা দাম বাড়ার পর দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ভরিতে সর্বোচ্চ ১৪ হাজার ৬০০ টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে। এতে ভালো মানের সোনার দাম নেমে এসেছে ভরিতে প্রায় ২ লাখ ৭১ হাজার টাকায়।

আজ শুক্রবার (৩০ জানুয়ারি) বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন দাম আজ সকাল ১০টা ৪৫ মিনিট থেকে কার্যকর হয়েছে।

এর আগে গতকাল বৃহস্পতিবার ভরিতে সোনার দাম বেড়ে দাঁড়িয়েছিল ২ লাখ ৮৬ হাজার টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ ছিল।

বাজুস জানায়, তেজাবি বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে সোনার দাম সমন্বয় করা হয়েছে।

এদিকে আন্তর্জাতিক বাজারেও স্বর্ণের দামে পতন দেখা গেছে। স্বর্ণ ও রুপার দামের তথ্যভিত্তিক ওয়েবসাইট গোল্ডপ্রাইস ডট অর্গের তথ্যমতে, শুক্রবার সকালে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম নেমে আসে ৫ হাজার ২০০ ডলারে, যা একদিন আগে ৫ হাজার ৫৫০ ডলারের বেশি ছিল।

নতুন দর অনুযায়ী দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৭১ হাজার ৩৬৩ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৫৯ হাজার টাকা, ১৮ ক্যারেটের দাম ২ লাখ ২২ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে ১ লাখ ৮২ হাজার ৮৩৩ টাকা।

সোনার পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। নতুন হিসাবে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৭ হাজার ৭৫৭ টাকা। ২১ ক্যারেটের রুপা ভরিতে ৭ হাজার ৪০৭ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৬ হাজার ৩৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৪ হাজার ৭৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।


আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!