যুক্তরাষ্ট্র   সোমবার ২ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার ১৯ মাঘ ১৪৩২

বন্ধের তালিকায় থাকা পাঁচ এনবিএফআইয়ের শেয়ারে বড় দরপতন

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৬, ০৪:৪৪ PM

বন্ধের তালিকায় থাকা পাঁচ এনবিএফআইয়ের শেয়ারে বড় দরপতন

বাংলাদেশ ব্যাংকের অবসায়ন সিদ্ধান্তে তালিকাভুক্ত পাঁচটি নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) শেয়ারে বড় দরপতন হয়েছে। 

আজ বুধবার পুঁজিবাজারে এসব প্রতিষ্ঠানের শেয়ারদর সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমা ১০ শতাংশ পর্যন্ত কমে যায়। বিপরীতে, অবসায়ন তালিকা থেকে আর্থিক সূচকে উন্নতির সুযোগ পাওয়া তিন প্রতিষ্ঠানের শেয়ারদর উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা যায়, এর আগে মোট নয়টি এনবিএফআই বন্ধ বা অবসায়নের উদ্যোগ নেওয়া হয়। এর মধ্যে সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী তিনটি প্রতিষ্ঠানকে আর্থিক সক্ষমতা বাড়ানোর সুযোগ দেওয়া হয়েছে। বাকি ছয়টি প্রতিষ্ঠান অবসায়নের পথে রয়েছে। এই ছয়টির মধ্যে পাঁচটি দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত।

চূড়ান্তভাবে বন্ধের তালিকায় থাকা তালিকাভুক্ত পাঁচটি প্রতিষ্ঠান হলো—ফাস ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং, ফারইস্ট ফাইন্যান্স, পিপলস লিজিং এবং ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড। এ ছাড়া অ্যাভিভা ফাইন্যান্স তালিকাভুক্ত না থাকলেও দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, বুধবার ফাস ফাইন্যান্সের শেয়ারদর ১০ শতাংশ কমে ৬৯ পয়সায় নেমে আসে। প্রিমিয়ার লিজিংয়ের দর ১০ শতাংশ কমে দাঁড়ায় ৬৩ পয়সায়। একইভাবে ফারইস্ট ফাইন্যান্সের শেয়ারদর প্রায় ১০ শতাংশ কমে ৭৪ পয়সায়, পিপলস লিজিংয়ের দর ১০ শতাংশ কমে ৬৯ পয়সায় এবং ইন্টারন্যাশনাল লিজিংয়ের দরও প্রায় ১০ শতাংশ কমে ৬৬ পয়সায় নেমে আসে।

তবে দরপতন সত্ত্বেও এসব প্রতিষ্ঠানের শেয়ারে লেনদেন ছিল খুবই সীমিত। বাজার সংশ্লিষ্টরা বলছেন, অবসায়নের তালিকায় থাকায় বিনিয়োগকারীদের আগ্রহ না থাকায় বড় দরপতনের মধ্যেও শেয়ার কেনাবেচা হয়নি।

অন্যদিকে, অবসায়ন তালিকা থেকে আর্থিক সূচকে উন্নতির সুযোগ পাওয়া জিএসপি ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স এবং বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি) লিমিটেডের শেয়ারদর বেড়েছে। এর মধ্যে জিএসপি ফাইন্যান্সের শেয়ার ৬ শতাংশ বেড়ে ১ টাকা ৯০ পয়সায়, প্রাইম ফাইন্যান্সের শেয়ার প্রায় ৮ শতাংশ বেড়ে ১ টাকা ৪০ পয়সায় এবং বিআইএফসির শেয়ার প্রায় ৭ শতাংশ বেড়ে ১ টাকা ৬০ পয়সায় উঠে।

পুঁজিবাজারের সার্কিট ব্রেকার বিধি অনুযায়ী, এক দিনে কোনো শেয়ারের দাম সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত বাড়তে বা কমতে পারে। বুধবার এই তিনটি প্রতিষ্ঠানের শেয়ারদরের বৃদ্ধি ছিল নির্ধারিত ঊর্ধ্বসীমার মধ্যেই।

এর আগে গত সপ্তাহে পুঁজিবাজারে গুঞ্জন ছড়িয়ে পড়ে যে আগের তালিকায় থাকা নয়টি এনবিএফআইয়ের সবগুলো প্রতিষ্ঠান অবসায়নে যাচ্ছে না। এ নিয়ে অনিশ্চয়তার কারণে তালিকাভুক্ত আটটি প্রতিষ্ঠানের শেয়ারে অস্বাভাবিক দরবৃদ্ধিও দেখা যায়।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!