যুক্তরাষ্ট্র   সোমবার ২ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার ১৯ মাঘ ১৪৩২

ইলিশ মাছ চাষে নামছে প্রাণ-আরএফএল

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৬, ০৪:২৫ PM

১৫
ইলিশ মাছ চাষে নামছে প্রাণ-আরএফএল

ছবি: সংগৃহীত

দেশে প্রথমবারের মতো শিল্প পর্যায়ে ইলিশ মাছ চাষের উদ্যোগ নিচ্ছে প্রাণ-আরএফএল গ্রুপ। আধুনিক রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম (আরএএস) প্রযুক্তি ব্যবহার করে সামুদ্রিক মাছ ইলিশের পাশাপাশি এশিয়ান সিবাস ও গ্রুপার মাছ চাষ করবে গ্রুপটির সহযোগী প্রতিষ্ঠান হবিগঞ্জ অ্যাগ্রো লিমিটেড।

সমঝোতা স্মারক স্বাক্ষর
এ লক্ষ্যে ডেনমার্কের প্রতিষ্ঠান এ্যাসেনটপ্ট অ্যাকুয়া ও হবিগঞ্জ অ্যাগ্রো লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। রাজধানীর বাড্ডায় প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে বৃহস্পতিবার এই চুক্তি সই হয়।

হবিগঞ্জ অ্যাগ্রোর পক্ষে নির্বাহী পরিচালক নাসের আহমেদ এবং এ্যাসেনটপ্ট অ্যাকুয়ার পক্ষে ব্যবসা উন্নয়ন বিভাগের পরিচালক ইয়েনস ওলে ওলেসেন নিজ নিজ প্রতিষ্ঠানের হয়ে চুক্তিতে স্বাক্ষর করেন।

বিনিয়োগ প্রকল্পের বিবরণ
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রকল্প বাস্তবায়নে আগামী দুই বছরে যৌথভাবে ৩ কোটি ইউরো বিনিয়োগ করা হবে। চট্টগ্রাম বিভাগের মীরসরাই অর্থনৈতিক অঞ্চল অথবা উভয় পক্ষের সম্মতিতে নির্ধারিত অন্য কোনো উপযুক্ত স্থানে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।
এই প্রকল্পে ইনডোর ও সম্পূর্ণ নিয়ন্ত্রিত পরিবেশে মাছ চাষ করা হবে। প্রতিটি মাছের গড় ওজন হবে ১.২ থেকে ১.৫ কেজি। প্রকল্পটি পুরোপুরি বাস্তবায়িত হলে বছরে প্রায় ২ হাজার মেট্রিক টন মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

রপ্তানিমুখী উদ্যোগ
উৎপাদিত মাছের একটি বড় অংশ রপ্তানি বাজারে পাঠানো হবে। পাশাপাশি স্থানীয় বাজারের চাহিদা পূরণেও মাছ সরবরাহ করা হবে বলে জানিয়েছে প্রাণ-আরএফএল।

কর্মকর্তাদের বক্তব্য
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা বলেন, “দেশ ও আন্তর্জাতিক বাজারে সামুদ্রিক মাছের চাহিদা দ্রুত বাড়ছে। উন্নত দেশগুলোতে স্বল্প জায়গায় আরএএস প্রযুক্তিতে সফলভাবে মাছ চাষ হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশে প্রথমবারের মতো শিল্প পর্যায়ে সিবাস মাছ উৎপাদন শুরু হবে।”
এ্যাসেনটপ্ট অ্যাকুয়ার প্রতিনিধি ড. ইয়েনস ওলে ওলেসেন বলেন,
“২০১৬ সাল থেকে আমাদের সহযোগী প্রতিষ্ঠান মারিস্কো এপিএস বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে মাছ চাষে কাজ করছে। ড্যানিশ সরকারের অর্থায়নে আমরা বাংলাদেশে একটি পূর্ণাঙ্গ আরএএস প্রযুক্তিভিত্তিক প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে এগোচ্ছি, যেখানে ব্রুডস্টক সুবিধাসহ আধুনিক হ্যাচারিও থাকবে।”

এই উদ্যোগ সফল হলে দেশে সামুদ্রিক মাছ উৎপাদনে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ইলিশ মাছ প্রাণ-আরএফএল আরএএস প্রযুক্তি মাছ চাষ

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!