যুক্তরাষ্ট্র   বৃহস্পতিবার ২৬ মার্চ ২০২৬, বৃহস্পতিবার ১১ চৈত্র ১৪৩২

ভোটের রেশ কাটতে না কাটতেই আটোয়ারীতে সশস্ত্র হামলা, আহত ৩—গ্রেপ্তার ১

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৫ PM

৪৮
ভোটের রেশ কাটতে না কাটতেই আটোয়ারীতে সশস্ত্র হামলা, আহত ৩—গ্রেপ্তার ১

আটোয়ারীতে হামলার ঘটনায় আহতদের হাসপাতালে দেখতে যান স্থানীয় নেতারা। (ফাইল ছবি)

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় নির্বাচন-পরবর্তী উত্তেজনার জেরে প্রকাশ্য দিবালোকে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় একটি হাইস্কুল গেটের সামনে বিকেল সাড়ে ৩টার দিকে এ হামলায় তিনজন গুরুতর আহত হন।

স্থানীয় সূত্রের অভিযোগ, নির্বাচনের দিন ‘শাপলা কলি’ প্রতীককে ঘিরে জাল ভোট দেওয়ার চেষ্টায় বাধা দেওয়াকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। পরদিন সেই বিরোধই সহিংস রূপ নেয়। অভিযোগের তীর উঠেছে সারজিস আলাম–এর অনুসারীদের দিকে।

হামলায় আহতদের মধ্যে রয়েছেন উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম রিপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ পারভেজ এবং ছাত্রদল সদস্য আব্দুর রুবেল। প্রত্যক্ষদর্শীরা জানান, ২০–২৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। রিপনের মাথায় গুরুতর আঘাত লাগে।

আহতদের দ্রুত আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসকরা জানান, তারা পর্যবেক্ষণে রয়েছেন।

ঘটনার খবর পেয়ে সদ্য নির্বাচিত সংসদ সদস্য মুহাম্মদ নওশাদ জমির হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে শাওন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা নির্বাচন-পরবর্তী সহিংসতা বন্ধে প্রশাসনের কঠোর ভূমিকার দাবি জানিয়েছেন।

আটোয়ারী পঞ্চগড় নির্বাচন সহিংসতা

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!