যুক্তরাষ্ট্র   বৃহস্পতিবার ২৬ মার্চ ২০২৬, বৃহস্পতিবার ১১ চৈত্র ১৪৩২

ভোটের আগে স্টেশনে ঘরমুখী মানুষের ঢল

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১৭ AM

৪৪
ভোটের আগে স্টেশনে ঘরমুখী মানুষের ঢল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন আজ বুধবার ভোর থেকে ঘরমুখী মানুষের ভিড়ে সরগরম। ভোট দিতে নিজ নিজ এলাকায় যেতে প্ল্যাটফর্ম, প্রবেশপথ ও টিকিট কাউন্টারজুড়ে ছিল উপচে পড়া ভিড়।

স্টেশন ঘুরে দেখা গেছে, অধিকাংশ ট্রেনের অগ্রিম টিকিট আগেই শেষ হয়ে গেলেও যাত্রীচাপ কমেনি। অনেক ট্রেনের ভেতরে দাঁড়ানোর জায়গাও ছিল না। অতিরিক্ত যাত্রীর কারণে কয়েকটি ট্রেনের ছাদেও মানুষ উঠেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ও চট্টগ্রামগামী মহানগর প্রভাতী এক্সপ্রেসের ছাদে যাত্রী বহনের ছবি ছড়িয়ে পড়েছে।
রেলওয়ের কর্মকর্তারা জানান, সব টিকিট অনলাইনে বিক্রি হলেও কাউন্টারের সামনে দীর্ঘ লাইন ছিল। অনেকে স্ট্যান্ডিং টিকিটের আশায় অপেক্ষা করছিলেন। তবে বহু যাত্রী টিকিট না পেয়ে ফিরে গেছেন।
ভিড়ের মধ্যেও অনেকের মুখে ছিল নির্বাচনী উৎসবের আমেজ। কেউ পরিবার নিয়ে, কেউ বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে ট্রেনের অপেক্ষা করছিলেন। প্রথমবার ভোট দিতে যাচ্ছেন জানিয়ে জামালপুর এক্সপ্রেসের যাত্রী রাশেদুল হাসান বলেন, ‘এবারই প্রথম ভোট দেব। অনেক আগেই টিকিট কেটে রেখেছিলাম।’ রংপুরগামী এক যাত্রী জুবায়ের রহমান বলেন, ‘ভোট দেওয়ার সুযোগ পেয়েছি, এটা আনন্দের। পরিবর্তনের আশায় বাড়ি যাচ্ছি।’
নিরাপত্তা জোরদার করতে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) দায়িত্ব পালন করছে। স্টেশনে প্রবেশের আগে যাত্রীদের টিকিট ও ব্যাগ তল্লাশি করা হচ্ছে। ডিজিটাল স্ক্যানিং ব্যবস্থাও চালু রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক সাজেদুল ইসলাম বলেন, গত কয়েক দিন ধরে যাত্রীচাপ বেড়েছে। ভোটকে ঘিরে দীর্ঘ ছুটি থাকায় ট্রেনগুলোতে বাড়তি চাপ পড়েছে। তিনি জানান, রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেসের সাপ্তাহিক বন্ধ বাতিল করে বিশেষ ব্যবস্থায় চলাচল করানো হচ্ছে। বুধবার ঢাকা থেকে ৪৩টি আন্তনগর ও ২৬টি মেইল, লোকাল ও কমিউটার ট্রেন ছেড়ে যাওয়ার কথা রয়েছে।
নির্বাচনের আগের এই যাত্রার ভিড় সামাল দিতে অতিরিক্ত সতর্কতায় রয়েছে রেল কর্তৃপক্ষ। তবে অতিরিক্ত যাত্রী এবং ছাদে ভ্রমণের ঝুঁকি নিয়ে উদ্বেগও দেখা দিয়েছে সংশ্লিষ্টদের মধ্যে।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!