চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নির্ধারিত দামের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগে দুই দোকানিকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, সোমবার বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত কালা বিবির দীঘি ও মেডিকেল মোড় বাজার এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা।
অভিযানকালে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রির প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯–এর সংশ্লিষ্ট ধারায় পৃথক দুই মামলায় ওই দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, বাজারে জ্বালানি তেলের মূল্য স্থিতিশীল রাখা এবং অতিরিক্ত দামে বিক্রি বন্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় আনোয়ারা থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা বলেন, জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি বা অতিরিক্ত দামে বিক্রি রোধে পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালানো হবে। যারা মজুত করে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করবেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!