রাজধানীর পল্লবী এলাকায় যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যা মামলায় দুই ‘শুটার’কে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
আজ শুক্রবার (২৭ মার্চ) র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ র্যাব-৪ সদরদপ্তরে সংবাদ সম্মেলন করা হবে।
র্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা কিবরিয়া হত্যা মামলার ‘কিলিং মিশনে’ সরাসরি অংশ নিয়েছিলেন। নিহত গোলাম কিবরিয়া যুবদল-এর পল্লবী থানা শাখার সদস্যসচিব ছিলেন। পাশাপাশি তিনি চিকিৎসা সরঞ্জাম ক্রয় করে বিভিন্ন প্রতিষ্ঠানে সরবরাহ করতেন।
গত বছরের ১৭ নভেম্বর সন্ধ্যায় মিরপুর ১২ নম্বরের বি ব্লকে ‘বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারি’ নামের একটি দোকানে ঢুকে মুখোশধারী তিন দুর্বৃত্ত কাছ থেকে গুলি করে কিবরিয়াকে হত্যা করে।
ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় হামলাকারীরা একটি ব্যাটারিচালিত অটোরিকশায় ওঠে। দ্রুত না চালানোয় চালককে গুলি করে আহত করে তারা।
এ ঘটনায় কিবরিয়ার স্ত্রী সাবিহা আক্তার দীনা বাদী হয়ে পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় পাঁচজনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাত আরও সাত থেকে আটজনকে আসামি করা হয়েছে।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!