যুক্তরাষ্ট্র   শনিবার ১৫ আগস্ট ২০২৬, শনিবার ৩০ শ্রাবণ ১৪৩৩

কালিহাতীতে রাবেয়া সিরাজ উচ্চবিদ্যালয়ের সীমানাপ্রাচীর ও গেট নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ১১ আগস্ট ২০২৬, ০৩:১৩ PM

২৫
কালিহাতীতে রাবেয়া সিরাজ উচ্চবিদ্যালয়ের সীমানাপ্রাচীর ও গেট নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

টাঙ্গাইলের কালিহাতীতে মহেলা রাবেয়া সিরাজ উচ্চবিদ্যালয়ের সীমানাপ্রাচীর ও গেট নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য লুৎফর রহমান মতিন। অনুষ্ঠানের উদ্বোধন করেন স্বাধীনতার ইশতেহার পাঠক ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত শাহজাহান সিরাজের মেয়ে ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা। তিনি বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি)-এর সহসভাপতি।

কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মহেলা রাবেয়া সিরাজ উচ্চবিদ্যালয়ের সভাপতি ফারজানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কালিহাতী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদ, এলেঙ্গা পৌরসভার সাবেক মেয়র শাফি খান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক হিরো, কালিহাতী কলেজের অধ্যক্ষ মজিবুর রহমান প্রমুখ।

‘শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধের বিকাশ জরুরি’

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য লুৎফর রহমান মতিন বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাই নয়, শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের বিকাশেও গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, একটি সুন্দর ও নিরাপদ শিক্ষার পরিবেশ তৈরিতে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমানাপ্রাচীর ও গেট নির্মাণের মাধ্যমে বিদ্যালয়ের নিরাপত্তা ও পরিবেশ আরও উন্নত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

‘আইনি লড়াই করে স্কুলের নাম ফিরে পেয়েছি’

ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা বলেন, মহেলা রাবেয়া সিরাজ উচ্চবিদ্যালয়ের সঙ্গে একটি করুণ ইতিহাস জড়িয়ে আছে।

তিনি বলেন, ‘এই এলাকার একটি অংশ আমার মায়ের নামে স্কুলটির নাম মেনে নিতে পারেনি। তাঁরা আমার মায়ের নাম এই স্কুল থেকে মুছে ফেলতে চেয়েছিলেন। আইনি লড়াই করে চলতি বছরের ২২ জানুয়ারি আমরা জয়লাভ করেছি। মহেলা গ্রামে প্রতিষ্ঠিত স্কুলটি রাবেয়া সিরাজ উচ্চবিদ্যালয় নামে সুপ্রতিষ্ঠিত হয়েছে।’

তিনি বিদ্যালয়ের উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের সহযোগিতা কামনা করেন।

বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা তুলে ধরেন প্রধান শিক্ষক

অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমেছ উদ্দিন বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা, অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। তিনি বিদ্যালয়ের উন্নয়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা, পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানো এবং নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু ইউসুফ। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!